করোনা: শেষ মুহূর্তে প্রীতি ম্যাচ বাতিল করল ম্যানইউ

প্রতিপক্ষ স্টোক সিটির কোচ করোনাভাইরাসে পজিটিভ হয়েছেন এমন খবর শোনার পর দলটির বিপক্ষে অনুষ্ঠেয় একটি প্রীতি ম্যাচ শেষ মুহূর্তে বাতিল করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মঙ্গলবার ম্যাচটি ইউনাইটেডের অনুশীলন মাঠে হওয়ার কথা ছিল। করোনাভাইরাস সংকটের কারণে বিরতির পর ফের লিগ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়াই ছিল এই প্রীতি ম্যাচের উদ্দেশ্য।

ম্যাচটি খেলার জন্য ম্যানচেস্টারেও হাজির হয়েছিল স্টোক সিটির খেলোয়াড়রা। হালকা অনুশীলনও শুরু করেছিল। এই মুহূর্তে স্বাগতিকদের জানানো হয়, অতিথি দলের কোচ মাইকেল ও’নিয়েল করোনায় পজিটিভ হয়েছেন। সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হয় ম্যাচটি।

অবশ্য এই খবর শোনার আগে স্টোক সিটির খেলোয়াড়দের সঙ্গে কোনো সংস্পর্শে আসেনি ম্যানইউর খেলোয়াড়রা। দল দুটি আলাদা আলাদা মাঠে অনুশীলন করে।

১৭ জুন থেকে ফের শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। এর আগে নিয়মানুযায়ী লিগের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের নিয়মিত করোনা টেস্ট হচ্ছে। এর আগের পাঁচ রাউন্ডে টেস্টের ফল নেগেটিভ আসে ও’নিয়েলের।

এক বিবৃতি দিয়ে কোচের করোনায় আক্রান্তের খবর নিশ্চিত করেছে স্টোক সিটিও। তাকে নিয়মানুযায়ী সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।