শ্বাসকষ্টে শিবচর উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান (৬৫) শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিটের কমান্ডার ছিলেন।

শিবচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম জানান, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান দীর্ঘদিন থেকেই শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আজ বিকেলে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন ও সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের ভাতিজা মনির হোসেন খান জানান, তিন দিন আগে তিনি ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে পারেননি। পরে বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার তার অসুস্থতা বাড়লে বহু কষ্টে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি আজ বিকেলে মারা যান।