টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বঙ্গবকুটিয়া গ্রামের মো. শাহজাহান খানের মেয়ে মাদ্রাসার ছাত্রী উম্মে জান্নাত (১৫) বাড়ি ফিরতে গিয়ে টাঙ্গাইল থেকে নিখোঁজ হয়েছে।
বুধবার দুপুরে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে নিখোঁজ হয় সে।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মেয়েটিকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন নিখোঁজ জান্নাতের বাবা শাহজাহান খান।
বাবা শাহজাহান খান বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের বলেন, গতকাল বুধবার সকালে মেয়েকে নিয়ে আমি নাগরপুর হতে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত মোবাইলের বিকাশ অফিসে যাই। বিকাশ অফিসের কাজ শেষে আমি আমার মেয়েকে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইল বেবিস্ট্যান্ডে যাওয়ার জন্য একটি অটোরিকশায় উঠিয়ে দেই। আর আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হই। ঢাকা গিয়ে বিকেলে খবর পাই আমার মেয়ে বাড়ী ফিরে যায়নি। আমি তৎক্ষনাৎ ঢাকা থেকে টাঙ্গাইল এসে মেয়ের নিখোঁজের বিষয়ে সদর থানায় সাধারণ ডায়েরি করি।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক মো.ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, জিডি পেয়ে আমরা দেশের সকল থানায় বেতার বার্তা পাঠিয়ে দিয়েছি। এর বাইরে আমাদের অভিযান অব্যাহত আছে।