দর্শকশূন্য মাঠে আইপিএল!

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবারের সর্বশেষ সভায় আরো এক মাস সময় নিয়েছে তারা। ফলে ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ- আইপিএল আয়োজন নিয়েও সিদ্ধান্ত ঝুলে গেছে।

বিশ্বকাপ স্থগিত হলে অক্টোবর-নভেম্বরের ওই উইন্ডোতে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। এ বছরের আইপিএলের ভবিষ্যৎ নিয়ে তাই সন্দিহান অনেকেই। তবে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী দর্শকশূন্য মাঠে এ বছরই আইপিএল আয়োজনের কথা চিন্তাভাবনা করছেন।

রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে বুধবার সৌরভ চিঠি পাঠিয়েছেন। সেখানে বিসিসিআই সভাপতি আইপিএল আয়োজনে ইতিবাচক। জানিয়েছেন এই আসর আয়োজনে সব রকম প্রস্তুতিই নিয়ে রাখছে বোর্ড।

চিঠিতে সৌরভ লিখেছেন, ‘এ বছরই আইপিএল আয়োজন করার ব্যাপারে আমরা সবরকম চেষ্টা করছি। দর্শকশূন্য মাঠেও যদি খেলা আয়োজন করতে হয়, সেটাই করা হবে।’

চিঠিতে সৌরভ আরো লিখেন, ‘ক্রিকেটপ্রেমী, ফ্র্যাঞ্চাইজি, খেলোয়াড়সহ বাকিরা তাকিয়ে আছে আইপিএলের দিকে। বিসিসিআই এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে।’