অতিরিক্ত কর আরোপের মাধ্যমে দেশের মোবাইল খাতকে ক্রমেই দুর্বল করে তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন মোবাইল অপারেটরদের সংগঠন এমটব।
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় এমটবের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বলেন, দেশের অর্থনীতিতে মোবাইল টেলিকম খাতের অবদান যত উল্লেখযোগ্যই হোক না কেন, সরকার নিয়মিতভাবে প্রতিবছর এই খাতের উপর করের বোঝা চাপিয়ে একে আরও দুর্বল করে তুলছে। ফলে গ্রাহকদের উপর বাড়তি চাপ পড়ছে। দেশের জিডিপিতে মোবাইলের বর্তমান অবদান ৭ শতাংশ থেকে যে দুই অংকের ঘরে যাওয়ার কথা বলা হয়েছিল তা আর অর্জিত না-ও হতে পারে।
এমটবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর সরকার মোবাইলের মাধ্যমে প্রাপ্ত সকল রকম সেবার ক্ষেত্রে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে যা অত্যন্ত হতাশাজনক। এর ফলে গ্রাহকদের উপর বাড়তি চাপ পড়বে। এ বিষয়ে এস আর ও জারি হওয়ায় তা বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকেই কার্যকর হবে।
এমটব মহাসচিব বলেন, আমরা মোবাইল খাতের পক্ষ থেকে অলাভজনক কোম্পানির জন্য বর্তমানে ন্যূনতম ২ শতাংশ কর বিলোপ ও করপোরেট ট্যাক্স কমানোর জন্য পূর্বাপর অনুরোধ করলেও তা বিবেচনা হয়নি। যা চরম হতাশাজনক। আমরা সরকারকে টেলিকম খাতের বাজেটের বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য আবারও অনুরোধ করছি।
জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তিনি বিকাল ৩টা ৪ মিনিটে বাজেট তুলে ধরা শুরু করেন। অর্থমন্ত্রী মুস্তফা কামালের এটি দ্বিতীয় বাজেট।
এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।