জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট

উপজেলা চেয়ারম্যান সাংবাদিকসহ ২০ জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ৯ জেলায় ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মাদারীপুরে উপজেলা চেয়ারম্যানসহ দুজন, চাঁদপুরে মুক্তিযোদ্ধাসহ ছয়জন; কুমিল্লায় সাংবাদিক ও কলেজশিক্ষক; বগুড়ায় নারীসহ তিনজন; গাইবান্ধায় মুক্তিযোদ্ধা; পটুয়াখালীতে ব্যাংক কর্মকর্তা; সিলেটে বৃদ্ধসহ দুজন; কুড়িগ্রামে এক যুবক; চট্টগ্রামে আরেক যুবক এবং জামালপুরে নারায়ণগঞ্জফেরত এক নারী পোশাকশ্রমিক মারা গেছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

মাদারীপুর : শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান (৬৫) শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। গতকাল বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম জানান, সামসুদ্দিন দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকে শোক প্রকাশ করেছেন। এদিকে মাদারীপুর শহরের পাঠককান্দি এলাকার রঞ্জন কুমার শীল (৬০) নামে এক ব্যক্তি সদর হাসপাতালে বুধবার রাত সাড়ে ৮টার দিকে মারা গেছেন। হাসপাতালের আরএমও এ তথ্য নিশ্চিত করেন।

কুমিল্লা : চান্দিনায় করোনা উপসর্গ নিয়ে গোলাম মোস্তফা (৪৮) নামে এক সাংবাদিক মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় থানা রোডের ভাড়া বাসায় তার মৃত্যু হয়। মোস্তফা ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং চান্দিনা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ছিলেন। এদিকে বুধবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নগরীর রামমালা রোড এলাকার বাসিন্দা চিতোষী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রহিম মারা যান। তিনি তিন-চার দিন ধরে জ¦রে ভুগছিলেন। জেলার মনোহরগঞ্জ উপজেলার ছোট শরীফপুর গ্রামে তাকে দাফন করা হয়েছে।

চাঁদপুর : গত ২৪ ঘণ্টায় চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধাসহ ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসেলোশন ওয়ার্ডে মারা যান হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার বাসিন্দা নুরুল আমিন (৪৮)। বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট এলাকার বাসিন্দা মেরিন ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম সরকারি জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এদিন ভোর ৪টার দিকে মতলব দক্ষিণ উপজেলা উপাদী উত্তর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৬৭) মারা যান। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একই উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের অহিদুজ্জামান খন্দকার (৭০) নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার। এদিকে বৃহস্পতিবার মারা যান সদর উপজেলার বাবুরহাট এলাকার বাসিন্দা হাবিব খান (৭০) ও তার ভাতিজা আনোয়ার খান।

সিলেট : নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বৃহস্পতিবার উপসর্গ নিয়ে দক্ষিণ সুরমার গোটাটিকর গ্রামের আব্বাস আলী (৯০) ও সিলেট সদর উপজেলার পারভিন বেগম (৪৫) মারা যান। হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া : বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর দেড়টার মধ্যে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে তিনজন মারা গেছেন। এদের একজন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা (৬৮), একজন বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক (৩৭) ও অন্যজন নারী (৩৭)।

গাইবান্ধা : পলাশবাড়ী পৌরসভার প্রফেসরপাড়ার নিজ বাড়িতে জ¦র, সর্দি ও কাশি নিয়ে বৃহস্পতিবার সকালে মো. আবুল কালাম আজাদ (৭৩) নামে একজন মুক্তিযোদ্ধা মারা গেছেন। বিকেলে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে উপজেলা সরকারি কবরস্থানে দাফন করা হয়।

পটুয়াখালী : উপসর্গ নিয়ে রূপালী ব্যাংক পটুয়াখালী নিউ টাউন শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু হানিফ (৫৫) মারা গেছেন। গতকাল সকালে হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

জামালপুর : দেওয়ানগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জফেরত এক নারী পোশাকশ্রমিক (৩৮) মারা গেছেন। গতকাল দুপুরে উপজেলার মন্নিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে জ¦র ও শ্বাসকষ্ট নিয়ে মো. শহীদ (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি মারা যান।

কুড়িগ্রাম : গতকাল সকালে চিলমারীর ফকিরের হাট এলাকায় সফিকুল ইসলাম (৪০) নামে এক যুবক করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। পরে তার ও পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়।