২০২০-২১ অর্থবছরের বাজেটে স্থানীয় সরকার বিভাগে ৩৬ হাজার ১০৩ কোটি বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; যা গত অর্থবছরের চেয়ে ১ হাজার ৮৬১ কোটি টাকা বেশি। গত অর্থবছরে সরকারের গুরুত্বপূর্ণ এ খাতে বরাদ্দ ছিল ৩৪ হাজার ২৪১ কোটি টাকা। আর তা সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৫৯ কোটি টাকা; যা মূল বাজেটের চেয়ে ২ হাজার ৮০৮ কোটি টাকা বেশি। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের জন্য প্রস্তাবিত বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ২৩৫ কোটি টাকা; যা গত অর্থবছরে ছিল ২ হাজার ৪৪৯ কোটি টাকা। আর সংশোধিত বাজেটে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ২২৯ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তৃতায় এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
মুস্তফা কামাল বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সরকার দেশের প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা সম্প্রসারণ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে ‘আমার গ্রাম আমার শহর’ অঙ্গীকার ব্যক্ত করে। দেশের সব গ্রামে নাগরিক সেবা সম্প্রসারণ করে ‘আমার গ্রাম আমার শহর’ অঙ্গীকার বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশব্যাপী পরিকল্পিতভাবে ‘আমার গ্রাম আমার শহর’ অঙ্গীকার বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ একটি কর্মপরিকল্পনা তৈরি করেছে যা প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। এ পরিকল্পনা অনুযায়ী ক্রমশ দেশব্যাপী ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে কাজ চলমান থাকবে।
তিনি বলেন, ২০১৯-২০ অর্থবছরে গ্রামাঞ্চলে সড়ক নেটওয়ার্ক কাভারেজ ৩৫ শতাংশ থেকে ৩৫ দশমিক ৭৫ শতাংশ উন্নীত করার প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন হচ্ছে। গত ১১ বছরে সারা দেশে ৬২ হাজার ১৪৯ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। এতে দেশের মোট উপজেলা সড়কের ৯৩ দশমিক ৮৪ ভাগ এবং মোট ইউনিয়ন সড়কের ৭৯ দশমিক ৩২ ভাগ এবং গ্রাম সড়কের ২০ ভাগ নির্মাণ করা হয়েছে। গ্রাম সড়কের এ নেটওয়ার্ক সম্প্রসারণের ফলে গ্রামীণ অর্থনীতি দ্রুত সম্প্রসারণ হচ্ছে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আরও বলেন, আগামী ২০২০-২১ অর্থবছরে কোর নেটওয়ার্ক সম্প্রসারণসহ ৫ হাজার ৫৫০ কিলেমিটার নতুন সড়ক নির্মাণ এবং এসব সড়কে ৩১ হাজার মিটার ব্রিজ/কালভার্ট নির্মাণ করা হবে। নির্মিত গ্রামীণ অবকাঠামো টেকসই করার জন্য ১৩ হাজার ৫০০ কিলোমিটার পাকা সড়ক, ৩ হাজার ৮০০ মিটার ব্রিজ/কালভার্ট রক্ষণাবেক্ষণ করা হবে। স্থানীয় সরকার কার্যক্রম শক্তিশালী করার জন্য ৬৫টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ/সম্প্রসারণ এবং ১০০টি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হবে।