লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা!

লক্ষ্মীপুর সদরে ১৪ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, গতকাল শুক্রবার দুপুরে উপজেলার নন্দনপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আরিফ হোসেন (২০) ও সুমন নামে (২১) দুই যুবককে আটক করা হয়। নিহত হীরামনি ওই গ্রামের মো. হারুনুর রশিদের মেয়ে ও স্থানীয় পালেরহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

নিহতের স্বজনরা জানান, ক্যানসারের চিকিৎসার জন্য মেয়ে হীরাকে নানার বাড়ি রেখে পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন বাবা হারুনুর রশিদ। অসুস্থ বাবাকে দেখতে ঢাকা যাওয়ার উদ্দেশে জামাকাপড় নিতে শুক্রবার সকালে নিজ বাড়িতে যায় হীরা। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নাতনি ফিরে না আসায় দুপুরে ওই বাড়িতে হীরাকে খুঁজতে যান নানী হাজরা খাতুন। এরপর সেখানে গিয়ে বিবস্ত্র অবস্থায় নাতনির লাশ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন তিনি। এ-সময় আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে হীরার লাশ উদ্ধার করে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য স্কুলছাত্রীর লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। তদন্তের পর সবকিছু জানা যাবে।