জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট

যুবক-বৃদ্ধসহ ছয় জেলায় ১২ জনের মৃত্যু

দেশের ছয় জেলায় করোনা উপসর্গ (জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্ট) নিয়ে যুবক ও বৃদ্ধসহ ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চাঁদপুরে ছয়জন, রাজশাহীতে দুজন, খুলনা, নেত্রকোনা, ফরিদপুর ও সিরাজগঞ্জে একজন করে রয়েছেন। বিস্তারিত নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবরে-

চাঁদপুর : জেলায় করোনা উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে হাজীগঞ্জের বাউড়া গ্রামের আ. মমিন (৫৭); শুক্রবার সকাল ৯টার দিকে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বাসার (৭৫); শুক্রবার সকাল ৭টায় মতলব উত্তর উপজেলার কাতারিকান্দি গ্রামের আমির হোসেনের ছেলে জামান হোসেন (১২); এদিন সকালে কচুয়া উপজেলার গোহাট গ্রামের মুক্তিযোদ্ধা রুহুল আমিন (৬৭) ও ফরিদগঞ্জ উপজেলার দীভাকর (৭৩) এবং শহরের গুয়াখোলা এলাকার জয়দল হোসেন চোকদার করোনা উপসর্গ নিয়ে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে দুজন মারা গেছেন। তারা হলেন নওগাঁ সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের চিরঞ্জিত মণ্ডল (৫০) এবং রাজশাহীর বাগমারা উপজেলার মজিদপুর গ্রামের নবিকুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪৫)। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, চিরঞ্জিত শিক্ষক ছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি ভর্তি হন। এর ঘণ্টাখানেক পরেই তিনি মারা যান। একই উপসর্গ নিয়ে ৯ জুন ভর্তি হন ফাতেমা বেগম। শুক্রবার সকাল ৭টার দিকে তিনিও মারা যান।

খুলনা : জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন সুলতানা শম্পার স্বামী শারাফাত হোসেন (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পারসন মিজানুর রহমান জানান, শারাফাতের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নেত্রকোনা : গতকাল সকালে মোহনগঞ্জ উপজেলার বাহাম গ্রামের শহর আলীর স্ত্রী নাজমা (৪৫) শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে মারা গেছেন। করোনার ভয়ে পরিবারের লোকজন অপারগতা প্রকাশ করলে পুলিশ ও হাসপাতাল টিমের সহায়তায় নাজমার দাফন সম্পন্ন করা হয়।

ফরিদপুর : ভাঙ্গা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আলমগীর হোসেন (৩২) নামে এক যুবক মারা গেছেন। তিনি একটি ওষুধ কোম্পানির উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহসিন উদ্দিন ফকির জানান, স্বাস্থ্যবিধি মেনে আলমগীরের দাফন সম্পন্ন হয়েছে।

সিরাজগঞ্জ : করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া উপজেলার বজরাপুর রেলগেট গ্রামের শুকুর আলী (২৮) নামে এক যুবক মারা গেছেন। ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে শুকুর কোহিনুর কেমিক্যাল কোম্পানির গাজীপুরের কাপাশিয়া উপজেলার বিক্রয় প্রতিনিধি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, আপাতত বাড়িটি লকডাউন করা হয়েছে। এছাড়া শুকুরের সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ ও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।