তিনবার নেগেটিভের পর করোনা পজিটিভ পুলিশ সদস্যের

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় কর্মরত এক পুলিশ সদস্যের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চার পুলিশ সদস্যের করোনা পরীক্ষার জন্য পাঠানো নমুনার মধ্যে তিন সদস্যের প্রতিবেদন নেগেটিভ এলেও আমীর সোহেল নামে ওই সদস্যের প্রতিবেদন পজিটিভ এসেছে। এর আগে তিনবার আমীর সোহেলের নমুনা পরীক্ষার প্রতিবেদন নেগেটিভ এসেছিল। চতুর্থবার পরীক্ষায় তার প্রতিবেদন এলো পজিটিভ। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী দেশ রূপান্তরকে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে পুলিশের করোনা ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে কর্মরত আমীর সোহেলসহ চার পুলিশ সদস্যের নমুনা পরীক্ষার জন্য গত ১০ জুন বুধবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরদিন বৃহস্পতিবার রাতে সেখান থেকে আসা প্রতিবেদন থেকে আমীর সোহেলের দেহে করোনাভাইরাস শনাক্তের বিষয়টি জানা যায়।

সিভিল সার্জন বলেন, ‘করোনাকালে দেশের বিভিন্ন জেলা থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নাগরিকদের শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) স্বাস্থ্য পরীক্ষার পর সন্দেহজনকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা ও করোনা আক্রান্ত এলাকায় লকডাউন কার্যক্রর করার ক্ষেত্রে দায়িত্ব পালন করা আমীর সোহেলের নমুনা এর আগে তিনবার পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু তিনবারই নেগেটিভ এসেছিল। সর্বশেষ চতুর্থবার তার করোনাভাইরাস ধরা পড়ল।’

করোনা আক্রান্ত আমীর সোহেলের দেহে করোনার কোনো উপসর্গ নেই জানিয়ে জাহিদ নজরুল আরও বলেন, ‘তিনি সুস্থ আছেন। তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’