বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ সড়কে প্রাণ গেল ৪ জনের

দিনাজপুরের বিরলে ট্রাকচাপায় তাহেরা ফাইয়াজ মৌ (১৮) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের রঘুনাথপুর চেয়ারম্যান রোডে এ দুর্ঘটনা ঘটে। মৌ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী । দুপুর ১২টার দিকে দিনাজপুর থেকে খালাতো ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর চেয়ারম্যান রোডে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঠিকানা পরিবহনের ওই বাসটির চালক সাইদুল ইসলাম ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন।  বিস্তারিত আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরে :

দিনাজপুর : বিরলে ট্রাকচাপায় তাহেরা ফাইয়াজ মৌ (১৮) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের রঘুনাথপুর চেয়ারম্যান রোডে এ দুর্ঘটনা ঘটে। মৌ দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্রী ও বোচাগঞ্জ উপজেলার বাসিন্দা। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে দিনাজপুর থেকে খালাতো ভাইয়ের মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর চেয়ারম্যান রোডে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় মৌকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার খালাতো ভাই হাসপাতালে চিকিৎসাধীন। বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পথচারী নিহত : রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর। এ ঘটনায় বাসটি জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঠিকানা পরিবহনের বাসচালক সাইদুল ইসলাম অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওই অজ্ঞাত ব্যক্তিকে মৃত ঘোষণা করলে চালক সাইদুল ইসলামকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এসআই আব্দুল খান জানান, আটক সাইদুল ইসলাম জানিয়েছেন, তার চালিত বাসেই যাত্রাবাড়ীর সাইনবোর্ড বাঁশপট্টি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ধাক্কা লাগে ওই ব্যক্তির। এরপর বাসচালকই তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বাসচালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাসটিও জব্দ করেছে থানা পুলিশ।

মাদারীপুর : রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. ইলিয়াস হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ইলিয়াস উপজেলার শংকরদী গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে ও টেকেরহাট মার্কাজ জামে মসজিদের মুয়াজ্জিন। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৭টার দিকে গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল টেকেরহাট যাচ্ছিলেন ইলিয়াস। পথে শংকরদী চাতালের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গুরুতর আহত হন তিনি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাতপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রাজৈর থানার ওসি খোন্দকার শওকত জাহান বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা : রূপসায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে প্রসেনজিৎ আচার্য (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কুদির বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রসেনজিৎ নগরীর শীতলা বাড়ি মন্দিরের পুরোহিত বিকাশ আচার্যের ছেলে। তার বাড়ি নগরীর দোলখোলা এলাকায়।

রূপসারথানার এসআই শ্যামা প্রসাদ মন্ডল জানান, দুপুর ১টার দিকে প্রাইভেটকার চালিয়ে খুলনা থেকে বাগেরহাট যাচ্ছিলেন প্রসেনজিৎ। পথে রূপসার কুদির বটতলা এলাকায় তার প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।