মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে উপজেলার ৯টি ইউনিয়নে ২৮৮টি মডেল সবজি বাগান করার পরিকল্পনা করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় গ্রীষ্মকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭৫৫ হেক্টর। ইতিমধ্যে জমি ও বাড়ির আঙিনায় সবজি চাষ করা হয়েছে। করোনা সংকট মোকাবিলা ও পুষ্টি ঘাটতি পূরণের লক্ষ্যে ব্যাপক সবজি চাষের উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার জেলা পরিষদ। এজন্য কমলগঞ্জ উপজেলায় ১০০ কৃষি পরিবারকে কৃষি সহায়তা দিয়েছেন তারা। করোনা সংকট মোকাবিলায় জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে দরিদ্র ও বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তাসহ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাড়ির আঙিনা ও পতিত জমি চাষাবাদের আওতায় আনতে অর্ধ লক্ষাধিক টাকার বীজ ও রাসায়নিক সার কৃষক পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার আশরাফুল ইসলাম জানান, পরিবারের সব সদস্যকে শ্রম উৎপাদন কাজে লাগিয়ে করোনাভাইরাসের মহামারীতে সংকট মোকাবিলা করা সহজ হবে।