মৌলভীবাজারের কমলগঞ্জে সানুর মিয়া (২১) নামে এক যুবক করোনাভাইরাসের উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার আলীনগর ইউপির চিৎলিয়া বক্সিটিলা গ্রামের ফায়াদ মিয়ার ছেলে।
মৌলভীবাজার সদর সাহসপাতাল সূত্রে জানা যায়, যুবক সানুর মিয়া গত কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রথমে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে ভর্তি হওয়ার পর জরুরি বিভাগেই তার মৃত্যু হয়।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়ছল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত যুবকের করোনার নমুনা সংগ্রহ করে লাশটি তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে আলীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, রাতেই যুবক সানুর মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।