স্বামী সন্তান নিতে না চাওয়ায় সৎ মেয়েকে গলাটিপে হত্যা

প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করে স্বামী সন্তান নিতে না চাওয়ায় প্রথম স্ত্রীর চার বছরের মেয়েকে গলা টিপে হত্যা করেছে সৎ মা। হত্যার পর লাশ বাড়ির পাশের ডোবায় ফেলে দিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে প্রচার করে সৎ মা। ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে।

গত বুধবার রাতে কণা আক্তার নামে চার বছরের ওই শিশুকে হত্যা করা হয়। শুক্রবার রাতে পুলিশ সৎ মা রিনা আক্তারকে গ্রেপ্তার করে শনিবার আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।

পুলিশ জানায়, উপজেলার মাজালিয়া গ্রামের আবুল কালামের স্ত্রী চার বছরের মেয়ে কণা আক্তারকে রেখে দুই বছর আগে মারা যায়। পরে আবুল কালাম দ্বিতীয় বিয়ে করে রিনা আক্তারকে। দ্বিতীয় বিয়ের পর আবুল কালাম সন্তান নিতে না চাওয়ায় ক্ষোভে ও সৎ মেয়েকে সহ্য করতে না পেরে গত বুধবার ১০ জুন রাত ৮টার দিকে পরিবারের সবার অজান্তে রিনা আক্তার সৎ মেয়ে কণাকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশে ডোবায় ফেলে দেয়। পরে শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে প্রচার করে সৎ মা রিনা আক্তার।

সরিষাবাড়ী থানার ওসি আবু মোঃ ফজলুল করিম জানান, শুক্রবার রাতে নিহত শিশুর বাবা আবুল কালাম বাদী হয়ে স্ত্রী রিনা আক্তারের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। পরে রাতেই রিনা আক্তারকে গ্রেফতার করে থানায় আনা হয়। গ্রেফতাকৃত সৎ মা রিনা আক্তার শিশুটি হত্যা করে পানিতে ফেলে দেয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।