‘সেঞ্চুরি’ পেরিয়ে থামলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রথম শ্রেণির ক্রিকেটার

‘সেঞ্চুরি’ করে জীবনের ক্রিজ ছাড়লেন বসন্ত রাইজি। মুম্বাই এবং বারোদার সাবেক এই ব্যাটসম্যান শনিবার ভোর রাতে মুম্বাইয়ে নিজ বাসায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর ১৩৯ দিন। মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন সবচেয়ে বেশি বয়সী প্রথম শ্রেণির ক্রিকেটার।

সংবাদ সংস্থা পিটিআইকে রাইজির মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেয়েরে জামাই সুদর্শন নানাবতি।

গত জানুয়ারিতেই শচিন টেন্ডুলকর ও স্টিভ ওয়াকে পাশে বসিয়ে শততম জন্মদিন পালন করেছিলেন বসন্ত রাইজি। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

১৯৩৯ থেকে ১৯৫০ সাল পর্যন্ত রাইজি ৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন। ২৩.০৮ গড়ে মোট ২৭৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৮।

১৯৪১ সালে বিজয় মার্চেন্টের নেতৃত্বে মুম্বাই দলে অভিষেক হয় বসন্ত রাইজির। লালা অমরনাথ, সিকে নাইডু, বিজয় হাজারের মতো কিংবদন্তিদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছেন তিনি।

পেশায় রাইজি ছিলেন একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। খেলা ছাড়ার পর পরিসংখ্যানবিদ ও ক্রিকেট ঐতিহাসিক হিসেবেও পরিচিতি গড়ে তুলেছিলেন রাইজি।

দীর্ঘ ৮ দশক ধরে ভারতীয় ক্রিকেটকে দেখে আসা রাইজি ৮টি বই লেখেন মুম্বাই তথা ভারতীয় ক্রিকেটের বিবর্তন নিয়ে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।