`আইসোলেশন সেন্টারের কর্মীদের চাকরি স্থায়ীকরণে অগ্রাধিকার'

কোভিড আইসোলেশন সেন্টারে কর্তব্য পালনকারীদেরকেই অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, চসিকের আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালনকারী স্বাস্থ্য বিভাগের অস্থায়ী   চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদেরকে চাকুরী প্রবিধান মালা বাস্তবায়নের আওতায় স্থায়ীকরণ করা হবে।

শনিবার চসিকের পুরাতন কার্যালয়ে সংস্থাটির স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় সিটি মেয়র চসিক কর্তৃক আইসোলেশন সেন্টারে দায়িত্ব প্রদানকৃত স্বাস্থ্য বিভাগের ১৬ জন ডাক্তার, ৫ জন নার্স, ১৪ জন ল্যাব টেকনেশিয়ান, প্যারামেডিক, ফার্মাসিস্ট, ১১ জন স্বাস্থ্যকর্মী ও ৬ জন নমুনা বুথ কর্মীদের নানা নির্দেশনা দেন।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, আইসোলেশলে দায়িত্বপ্রাপ্তদের তিনদিনের প্রশিক্ষণ দেয়া হবে। দিন দিন কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আইসোলেশন সেন্টার বৃদ্ধির প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। এই বাস্তবতার নিরিখে চসিকের উদ্যোগে এই আইসোলেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে। তাই চসিকের স্বাস্থ্য বিভাগের কর্মীদের এই আইসোলেশন সেন্টারে দায়িত্ব পালন করতে হবে। আইসোলেশন সেন্টারে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের শতভাগ সুরক্ষা দেয়ার বিষয়ে তাগিদ দেন সিটি মেয়র। 

শিক্ষা স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি নাজমুল হক ডিউকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম,  প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, আইসোলেশন সেন্টার পরিচালক ডা সুশান্ত বড়ুয়া প্রমুখ।