পঞ্চগড়ে করোনা উপসর্গে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। ২২ বছর বয়সী ওই যুবকের বাড়ি পঞ্চগড় জেলা শহরের রাজনগর এলাকায়। শনিবার সকালে ওই যুবক মারা যান। তিনি কিছুদিন ধরে সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ওই যুবকের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে বাড়িতে রেখেই পরিবারের লোকজন কেবল মাত্র তার রিপোর্টটি নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকদের দেখান। চিকিৎসকরা তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তারা বাড়িতে রেখেই চিকিৎসা করাচ্ছিলেন।
শনিবার সকালে তার শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। এক পর্যায়ে বাড়িতেই মারা যায় ওই যুবক। এর আগে পঞ্চগড়ের দেবীগঞ্জে এক কিশোরী, বোদায় এক যুবক ও তেঁতুলিয়া এক নারী করোনা উপসর্গ নিয়ে মারা যান। তাদের মধ্যে বোদা ও দেবীগঞ্জে দুইজনের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তেঁতুলিয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই নারীর নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।
পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা বলেন, ওই যুবক নিউমোনিয়াসহ সর্দি জ্বরে আক্রান্ত ছিলেন। স্থানীয় এক চিকিৎসককে দেখিয়ে ওই যুবকের পরিবার সেই রিপোর্ট পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসককে দেখান। অবস্থা গুরুতর বিবেচনা করে আমাদের চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু তারা তাকে রংপুর নিয়ে যায় নি, বাড়িতেই রেখেছিল। তার করোনায় মৃত্যু হয়েছে কিনা তা পরীক্ষার আগে নিশ্চিত করে বলা যাবে না। আমরা তারসহ তার পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষার পরেই নিশ্চিত হওয়া যাবে তার করোনা ছিলো কিনা। তবে করোনা রোগিদের মতই সতর্কতার সাথে তার দাফন কার্য সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, পঞ্চগড়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০২ জন। তাদের মধ্যে সুস্থ্য হয়ে উঠেছেন ৩৮ জন। মারা গেছেন ২ জন।