জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্ট

চিকিৎসক শিক্ষকসহ ২০ জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে ১১ জেলায় চিকিৎসক ও শিক্ষকসহ ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বগুড়ায় চারজন, বরিশাল ও সিরাজগঞ্জে তিনজন করে, খুলনা ও রাজশাহীতে দুজন করে এবং চট্টগ্রাম, খাগড়াছড়ি, পঞ্চগড়, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও নরসিংদীতে একজন করে রয়েছেন। বিস্তারিত ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর

বগুড়া : মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে শুক্রবার সকালে কাহালু উপজেলার নাইম (১৪) নামে এক কিশোর, ওইদিন ৯টায় রাব্বি রহমান (৪৫), রাত ১০টায় শামীম

আহম্মেদ বুলু (৫৬) এবং শনিবার সকালে ইমরান নাজির (৩৬) নামে এক যুবক মারা যান। হাসপাতালের আবাসি  মেডিকেল অফিসার ডা. শফিক আমিন কাজল এ তথ্য জানান।

বরিশাল : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে নগরীর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধুলু সরকার (৬৫), রাত ৮টায় মো. ইউনুস (৬৫) নামে এক ব্যক্তি এবং সাড়ে ৮টার দিকে নূরুল ইসলাম (৫০) নামে পটুয়াখালীর আরেক ব্যক্তি মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিরাজগঞ্জ : শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে উল্লাপাড়া উপজেলার কাওয়াক হাসপাতাল পাড়া এলাকার নূর আমিন (৫৪), বাড়ইয়া পালপাড়া এলাকার সুবল (৭৫) ও তাড়াশ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল করিম (৭২) মারা যান। মৃত ব্যক্তি, তাদের পরিবার ও সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে নওগাঁ সদরের সুপারিপট্টি এলাকার সিরাজ উদ্দিন (৫৫) ও বদলগাছী উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল গাফফার (২০) মারা গেছেন। হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, সিরাজ গতকাল শনিবার ভোর ৫টার দিকে এবং গাফফার শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মারা যান।

খুলনা : খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শাহরান (৬০) নামে এক নারী শুক্রবার রাত ১০টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। রাত ১১টার দিকে তিনি মারা যান। শাহরান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মোশারফের স্ত্রী। রাত ৯টার দিকে রাবেয়া বেগম (৫৯) নামে আরেক নারী মারা যান।

চট্টগ্রাম : করোনা উপসর্গ নিয়ে গত শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরিফ হাসান (৪৫) নামে এক চিকিৎসক মারা গেছেন। হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম বলেন, ‘শুক্রবার ডা. আরিফের শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে তাকে নগরীর ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাতে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।’

নরসিংদী : মনোহরদীতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে নান্নু মিয়া (৩৫) নামে এক দলিল লেখকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের নিজ বাড়িতে তিনি মারা যান। সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এ তথ্য জানান।

কিশোরগঞ্জ : করোনা উপসর্গ নিয়ে নিকলী উপজেলার পূর্ব বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ওরফে সাদেক মাস্টার (৫৮) মারা গেছেন। শনিবার ভোররাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নূরুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর জানান, গত ১০ জুন সাদেক মাস্টারের নমুনা সংগ্রহ করা হয়েছে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : কমলগঞ্জে সানুর মিয়া (২১) নামে এক যুবক জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রাত ১০টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে মারা গেছেন। তিনি উপজেলার চিৎলিয়া বক্সিটিলা গ্রামের ফায়াদ মিয়ার ছেলে।

পঞ্চগড় : গতকাল সকালে সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জেলা শহরের রাজনগর এলাকায় এক যুবক (২২) মারা গেছেন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা জানান, ওই যুবক নিউমোনিয়াসহ সর্দিজ্বরে আক্রান্ত ছিলেন। যুবক ও তার পরিবারের ৪ জনের নমুনা সংগ্রহ করেছি। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।

খাগড়াছড়ি : গতকাল দুপুরে জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক আনসার সদস্য মারা গেছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার বিকেলে ভর্তি হন ওই আনসার সদস্য।