রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বিজিবির ২ সদস্য নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় গাড়ি উল্টে বিজিবির দুই সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। গতকাল শনিবার সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সারাংপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ল্যান্স নায়েক জোবায়ের হোসেন (৩৪) ও ল্যান্স নায়েক আবু সাঈদ (৩৫)। তারা দুজনই বিজিবির রাজশাহী ৫৩ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। এ ছাড়া একই দিন ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের দুই জেলায় সড়ক দুর্ঘটনায় কিশোরসহ আরও তিনজন নিহত হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, শনিবার সকাল পৌনে ৭টার দিকে নিজস্ব গাড়িতে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল বিজিবির একটি দল। পথে গোদাগাড়ী সরকারি কলেজের পাশে সারাংপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তাদের বহনকারী গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ল্যান্স নায়েক জোবায়েরের মৃত্যু হয়। অন্যদিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ল্যান্স নায়েক আবু সাঈদ মারা যান।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদ হাসান জানান, রাজশাহী সেক্টরের বিভিন্ন ব্যাটালিয়নের বিসিএম গ্রেড-২ কোর্সে প্রশিক্ষণের জন্য দিনাজপুর সেক্টরে যাওয়ার কথা ছিল। এ লক্ষ্যে ৫৯ বিজিবির ১২ জন ও ৫৩ বিজিবির ৯ জন সদস্য নিজস্ব ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিলেন।

নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরসহ ২ জন নিহত : সোনারগাঁয়ে ট্রাকচাপায় মো. রুস্তম হোসাইন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া একই দিন দুপুরে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় পিকআপ ভ্যানের চাপায় প্রান্ত রঞ্জন (১৬) নামে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত রুস্তম সাতক্ষীরা জেলার কলারোয়ার বাসিন্দা। তিনি মেঘনাঘাট এলাকায় হামদর্দ ওষুধ কারখানায় রিসিপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন। শনিবার দুপুরের দিকে মোটরসাইকেলযোগে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

এদিকে আড়াইহাজারের ঘটনায় স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মোটরসাইকেলযোগে নরসিংদী যাওয়ার পথে পাঁচরুখী এলাকায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে প্রান্ত রঞ্জনের মৃত্যু হয়। নিহত প্রান্ত সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মৈষটেক এলাকার মনোরঞ্জন মনার ছেলে। সে স্থানীয় ব্যারিস্টার রাবেয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

সিরাজগঞ্জে ট্রাক উল্টে চালক নিহত : তাড়াশে আমবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এর চালক নিহত হয়েছেন। শনিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন (৩২) টাঙ্গাইলের নাগপুর উপজেলার বোগলহাট গ্রামের বাসিন্দা। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরন্নবী প্রধান জানান, আমবোঝাই ট্রাকটি নিয়ে রাজশাহী থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন আলাউদ্দিন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।