রানী দ্বিতীয় এলিজাবেথও জুমের ভিডিও কলে অংশ নিয়ে রাজকীয় দায়িত্ব সামলিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। দেশটির ইতিহাসে এই প্রথম কোনো রানী এভাবে প্রযুক্তির সহায়তা নিয়ে রাজকার্য পরিচালনা করলেন। ৯৪ বছর বয়সী রানী মূলত একদল স্বেচ্ছাসেবীর সঙ্গে আলাপ করতে ভিডিও কলে আসেন। সঙ্গে ছিলেন তার মেয়ে প্রিসেন্স অ্যান। রাজপরিবারের অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়েছে, ব্রিটেনজুড়ে ৭০ লাখ স্বেচ্ছাসেবীর মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এই কলের আয়োজন করা হয়। স্বেচ্ছাসেবীরা বিভিন্ন অসুস্থ, অসহায় মানুষদের দেখভাল করেন। ভিডিও কলে রানী বলেন, ‘আপনাদের সবার গল্প শুনে ভালো লাগছে। ইতিমধ্যে যা অর্জন করেছেন তাতে আমি মুগ্ধ। আজ আপনাদের সঙ্গে যোগ দিতে পেরে আনন্দিত।’
জুমে এই আলাপচারিতা অনুষ্ঠিত হয় গত ৪ জুন। রাজপরিবার থেকে বিষয়টি বৃহস্পতিবার জানানো হয়েছে। জুমকলেও রাজপরিবারের নিয়ম অনুসরণ করা হয়েছে বলে জানা গেছে। প্রথা অনুযায়ী রানী সবার শেষে জয়েন করেন, বেরিয়ে যান আগে। করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর ১৯ মার্চ থেকে ৯৪ বছর বয়সী রাণী হোম কোয়ারেন্টাইন শুরু করেন। ১৯৫২ সালে যুক্তরাজ্যের সিংহাসনে বসেন দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ সিংহাসনে তার মেয়াদই সবচেয়ে বেশি। লকডাউনের দিনগুলোতে রানী তার রেডবক্সের মাধ্যমে সংসদ থেকে প্রতিনিয়ত আপডেট পাচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বরিস জনসন সপ্তাহে একবার করে তার সঙ্গে ফোনে কথা বলছেন।