ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ করোনা আক্রান্ত ছিলেন

ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহকে গতকাল রবিবার বিকেলে গোপালগঞ্জের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এদিকে ঢাকায় মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে।

করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে এই প্রথম এ ভাইরাসে কারও মৃত্যুর খবর এলো। সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর আসে গত ৬ জুন। এরপর ১২ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানের কভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর আসে।

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গতকাল সাংবাদিকদের জানান, ধর্ম প্রতিমন্ত্রীর রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এসেছে। গত শনিবার রাতে রাজধানীর বেইলি রোডের বাসায় অসুস্থ হয়ে পড়লে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহকে ঢাকা সিএমএইচে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তার একান্ত সচিব খন্দকার ইয়াসির আরেফীন সে সময় বলেছিলেন, প্রতিমন্ত্রীর ‘হার্ট অ্যাটাক’ হয়েছে। তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক রাতে সাংবাদিকদের বলেছিলেন, করোনাভাইরাস পরীক্ষার বিষয়ে স্বাস্থ্যবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

৭৫ বছর বয়সী শেখ আবদুল্লাহ টেকনোক্র্যাট হিসেবে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। ১৯৪৫ সালে গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করা আবদুল্লাহ দীর্ঘদিন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগের গত কমিটিতে ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন তিনি। ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গোপালগঞ্জে মা-বাবার কবরের পাশে দাফন : ধর্ম প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা শেখ মো. আবদুল্লাহকে গতকাল রবিবার বিকেল ৫টা ১০ মিনিটে তার গ্রামের বাড়ি সদর উপজেলার কেকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে বাড়ির মসজিদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা হয়। জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা প্রতিমন্ত্রীর জানাজায় অংশ নেন।

গতকাল বিকেল ৪টা ২০ মিনিটে ঢাকা থেকে সরাসরি তার লাশ গ্রামের বাড়ি কেকানিয়ায় পৌঁছায় এবং বিকেল ৪টা ৫৫ মিনিটে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গত শনিবার রাতেই ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। খবর শোনার পর শহরের কলেজ রোডের বাসায় ও গ্রামের বাড়িতে ছুটে যান তার দীর্ঘদিনের রাজনৈতিক সহচর, সহকর্মী, নেতাকর্মী ও স্বজনরা। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।