ভারতের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার মুম্বাইয়ে বান্দ্রার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার মনোজ কুমার শর্মার বরাতে বিবিসি জানিয়েছে, বাড়ির গৃহপরিচারিকা তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তিনি জানান, সুশান্ত সিং বেশ কিছুদিন ধরে মানসিক বিষণœতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর।
শুরুতে ছোট পর্দার মাধ্যমে মিডিয়ে জগতে পা রাখলেও পরবর্তী সময়ে চলচ্চিত্রে বেশ সফলতার পরিচয় দিয়েছেন সুশান্ত সিং রাজপুত। ২০১৩ সালে ‘কাই পো চে’ দিয়ে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করা সিং আমির খানের সুপারহিট মুভি ‘পিকে’তেও কাজ করেছিলেন। তবে তিনি সবার নজরে এসেছেন ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ বায়োপিক চলচ্চিত্রে মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়া ‘ডিটেকটিভ বোমকেশ বক্সি’, ‘শুদ্ধ দেশি রোমান্স’ এবং ‘কেদারনাথ’ চলচ্চিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
সবশেষ ‘ছিচোড়ে’ চলচ্চিত্রে অভিনয় করে বেশ খ্যাতি কুড়িয়েছেন তরুণ এ অভিনেতা। এ চলচ্চিত্রের মুখ্য বার্তাই ছিল আত্মহত্যার বিরুদ্ধে, জীবনের ইতিবাচক দিকগুলোর প্রতি মনোযোগ দেওয়াকে ঘিরে।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের বিহার রাজ্যের পাটনায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও অভিনয় ও নাচের প্রতি ঝোঁক থাকায় মাঝপথেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ইতি টানেন। ব্যক্তিগত আগ্রহ থেকেই মিডিয়া জগতে তিনি পা রেখেছিলের ব্যাকআপ নৃত্যশিল্পী হিসেবে। এরপর তিনি ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ নামে একটি সোপ অপেরায় প্রথম অভিনয়ের সুযোগ পান। ‘পবিত্রা রিশতা’ সিরিয়ালে মি. সিংয়ের অভিনয় তাকে ছোট পর্দায় জনপ্রিয় করে তোলে।
পরবর্তী সময়ে তিনি নৃত্যের রিয়ালিটি শো ‘জারা নাচে কে দিখা’ এবং ‘ঝালাক দিখলা জা’তেও অংশ নেন। তবে বড় পর্দায় আসার পর তার ক্যারিয়ারের গ্রাফ ওপরের দিকেই যেতে থাকে। ক্যারিয়ারের প্রথমদিকে ‘পবিত্রা রিশতা সিরিয়ালের সহঅভিনেতা অঙ্কিতা লোখাণ্ডের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে পরে দুজনের মধ্যে বিচ্ছেদের খবর পাওয়া যায়।
এদিকে কিছুদিন আগে সুশান্তের সাবেক ম্যানেজার ২৮ বছর বয়সী দিশা স্যালিয়ানও একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে মারা যান। আগে বলা হয়েছিল যে তিনি আত্মহত্যা করেছেন কিন্তু পরে খবর পাওয়া যায় যে মিস স্যালিয়ান নেশাগ্রস্ত ছিলেন। দিশার মৃত্যুতে সুশান্ত ইন্সটাগ্রামে লিখেছিলেন, এটি অত্যন্ত দুঃখজনক সংবাদ। দিশার পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। তোমার আত্মা শান্তি পাক।