আর একটি জয় চাই বায়ার্নের

টানা ৮ম লিগ শিরোপা জয়ের পথে ভালোভাবেই আছে বায়ার্ন মিউনিখ। শনিবার রাতে নিজেদের ৩১তম ম্যাচে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে ২-১ গোলে হারিয়েছে তারা। এতে পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩। দ্বিতীয় স্থানের বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্টের ব্যবধান এখনো ৭। বাকি তিন ম্যাচের একটি জিতলেই শিরোপা নিশ্চিত বায়ার্নের।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন খেলতে নেমেছিল রবার্ট লেভানডোস্কি আর থমাস মুলারকে ছাড়াই। চলতি মৌসুমে এই দুজনের মিলিত গোল আর অ্যাসিস্ট সংখ্যা ৬০। ম্যাচের ফলাফল ২-১ হলেও তিনটি গোলই কিন্তু করেছে বাভারিয়ানরা। ২৬ মিনিটে ১৯ বছর বয়সী জশুয়া জির্কজি গোল করে এগিয়ে দেয় বায়ার্নকে। ৩৭ মিনিটে তাদের বিশ্বকাপজয়ী ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ডের আত্মঘাতী গোলে সমতা আসে খেলায়। খেলা শেষের ৪ মিনিট আগে লেওন গোরেজকার গোলে জয় নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচ শেষে বায়ার্ন অধিনায়ক ম্যানুয়েল নয়্যার বলেন, ‘আমরা কঠিন ম্যাচও জিততে জানি। আমাদের আজকের পরিকল্পনা একটু ভিন্ন ছিল। তবে মধ্যমাঠে তেমন ভালো করিনি। আজ তারা বল নিয়ে আমাদের সীমানায় একটু সহজেই এসেছে, এটি আসলে পরিকল্পনারই অংশ ছিল।’

অপর ম্যাচে আর্লিং ব্রট হালান্ডের গোলে বরুশিয়া ডর্টমুন্ড ১-০ তে হারিয়েছে ফরচুনা ডুসেলডর্ফকে। তাতে তৃতীয় স্থানে থাকা লাইপজিগের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে তারা।