পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের দুই কর্মীর খোঁজ মিলছে না। গতকাল সোমবার সকাল থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা দুজনই ভারতীয় হাইকমিশনের জুনিয়র পর্যায়ের কর্মী বলে জানা গেছে। উচ্চপর্যায়ের একটি সূত্র সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, এ দুই কর্মীকে হয়তো অপহরণ করেছে ইসলামাবাদ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিখোঁজ দুই কর্মীর বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আরোপের জন্যই তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার সকালে কিছু কাজের জন্য বেরিয়েছিলেন ওই দুই কর্মী। যথাসময়ে তারা নির্দিষ্ট গন্তব্যস্থলে না পৌঁছলে উদ্বেগ তৈরি হয় হাইকমিশনে। কিছু সময় পর দূতাবাসের কর্মীরা পাকিস্তান ও ভারত উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ঘটনা সম্পর্কে অবহিত করেন। গত সপ্তাহেই ভারতে গুপ্তচরবৃত্তির দায়ে দুই পাকিস্তানিকে দেশে ফিরিয়ে দেয় দিল্লি। এর এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটল।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের শার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব আহলুয়ালিয়ার গাড়িকে মোটরসাইকেল করে অনুসরণ করার কয়েক সপ্তাহ পর কর্মী নিখোঁজের এ ঘটনা ঘটল।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেসব ভারতীয় পাকিস্তানে দূতাবাসে কাজ করে, তাদের ওপর নজরদারি বেড়েছে গত কয়েক দিন ধরে। অস্থায়ী হাইকমিশনার গৌরব আহলুয়ালিয়ার আবাসিক এলাকাতেও উপস্থিতি বাড়িয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা।