জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁন।
গতকাল সোমবার দুপুরে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন তার একান্ত সহকারী মো. কয়েছ মিয়া।
মো. কয়েছ মিয়া বলেন, ‘গত দুই দিন যাবৎ ন্যাম ভবনের ফ্ল্যাটে অসুস্থ বোধ করছিলেন। তার জ্বর-কাশি ও শ্বাসকষ্ট ছিল। আজ (গতকাল) সকাল থেকে হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে বিকেল ৩টায় স্যারকে সিএমএইচে ভর্তি করা হয়।’ এমপি মোকাব্বির খানের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে কি না জানতে চাইলে কয়েছ মিয়া বলেন, ‘স্যারের এখনো করোনাভাইরাস টেস্ট করা হয়নি। হাসাপাতালে ভর্তির পর তার নমুনা নেওয়া হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হয়ে বলা যাবে, তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে কি না।’
এদিকে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশতাক আহমেদ দেশ রূপান্তরকে জানান, বাজেটের ওপর সংসদে তার বক্তব্য রাখার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্টের কারণে তিনি বক্তৃতা দিতে পারেননি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের প্রার্থী হয়ে সিলেট-২ আসন (বিশ্বনাথ-ওসমানীনগর) থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন মোকাব্বির খান।