পিসিআর পরীক্ষায়ও করোনা নেগেটিভ জাফরুল্লাহ চৌধুরীর

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনাভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাবের ফলও নেগেটিভ এসেছে। গতকাল সোমবার বিকেলে গণস্বাস্থ্যের ভেরিফায়েড ফেইসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটে তার নমুনা পরীক্ষাতেও একই ফল এসেছিল।

ডা. জাফরুল্লাহর চিকিৎসক অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফির বরাত দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ দেশ রূপান্তরকে বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর সার্বিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি নিউমোনিয়ার জটিলতায় ভুগছেন। তবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন।’ তিনি আরও বলেন, ‘ডা. জাফরুল্লাহর স্ত্রী শিরীন হক ও ছেলে বারীশ হাসান চৌধুরী সুস্থ আছেন। তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। আমরা সবার দোয়া চাই, যেন আল্লাহতায়ালা তাকে এবং তার পরিবারের সদস্যদের দ্রুত সুস্থতা দান করেন।’

গত ২৫ মে গণস্বাস্থ্যের কিট দিয়ে পরীক্ষায় ডা. জাফরুল্লাহর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পিসিআর পরীক্ষার ফলও পজিটিভ আসে।