গত ৫ অর্থবছর বাজেট বাস্তবায়নের আগে গ্রাহকদের কাছ থেকে মোবাইল অপারেটরগুলোর অনৈতিকভাবে আদায়কৃত অর্থ ফেরতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসি চেয়ারম্যান বরাবরে চিঠি দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক ই-মেইলের মাধ্যমে কমিশনকে এই চিঠি দেয়। চিঠিতে বলা হয়, গত ১১ জুন জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হয়। ২০১৪-১৫ অর্থবছর থেকে টেলিযোগাযোগ খাতে দফায় দফায় কর বাড়ানো হয়েছে। সবচেয়ে লক্ষণীয় বিষয়, বাজেট উপস্থাপনের দিবাগত রাত থেকেই মোবাইল ফোন অপারেটরগুলো প্রস্তাবিত শুল্ক গ্রাহকদের কাছে আদায় করতে শুরু করেছে। আমরা সাধারণত জানি, বাজেট উপস্থাপনের পর আলোচনা ও সংযোজন-বিয়োজনের পর ৩০ জুন পাস হওয়ার পর ১ জুলাই থেকে তা কার্যকর হয়। গত কয়েক বছর এ বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন ধরনের আন্দোলন-সংগ্রাম করেও আপনাদের বা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারিনি।
চিঠিতে আরও বলা হয়, কিন্তু দুঃখের বিষয় এ নিয়ে কমিশনের কোনো প্রতিক্রিয়া আমরা লক্ষ করিনি। চলতি বাজেট উপস্থাপনের পর অপারেটররা একই কায়দায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় শুরু করে। অবশেষে গতকাল কমিশন অপারেটরদের চিঠি দিয়ে জানতে চেয়েছে, অতিরিক্ত অর্থ কেন আদায় করা হচ্ছে? আমরা এজন্য কমিশনকে ধন্যবাদ জানাই।