ঝালকাঠিতে মানববন্ধন

দখলদারদের কবল থেকে বিদ্যালয় রক্ষার দাবি

ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চবিদ্যালয়কে দখলদারদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির বিপুল পরিমাণ জমি রয়েছে। তবে বিভিন্ন সময় ভূমিদস্যুরা বেশ কিছু জমি দখল করে নিয়েছে। বর্তমানেও ভূমিদস্যুরা বিদ্যালয়ের জমি দখলে নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের যেসব জমি ইতিমধ্যে দখল হয়েছে, তা দখলমুক্ত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন স্কুলের প্রাক্তন ছাত্র বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজাপুর শাখার চেয়ারম্যান আবুল হাসনাত আবদুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, শিক্ষক আমির খসরু বাবুল প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামন বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর বিদ্যালয়ের কোনো জমি বেদখল হয়নি। আমি যত দিন দায়িত্বে আছি বিদ্যালয়ের এক ইঞ্চি জমিও বেদখল হতে দেওয়া হবে না।