ঈশ্বরদীতে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

পাবনার ঈশ্বরদীতে এক বাড়িতে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও নতুন গামছা পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে উপজেলার দিয়াড় বাঘইল গ্রামের আকমল হোসেন বাবু প্রামাণিকের বাড়ির দরজার সামনে কে বা কারা এসব রেখে যায়।

কাফনের কাপড়ের ওপর লাল কালিতে প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন কথা লেখা রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় ওই বাড়িসহ পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, দিয়াড় বাঘইল গ্রামের আকমল হোসেন বাবু’র একমাত্র ছেলে টনিক এবং টনিকের চাচাতো ভাই স্বরণকে হত্যা করা হবে বলে উল্লেখ করা হয় কাফনের ওপর লেখা চিঠিতে। গতকাল সোমবার সকালে বাড়ির লোকজন দরজার সামনে এসব দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে উৎসুক লোকজন ওই বাড়িতে এগুলো দেখার জন্য ব্যাপক ভিড় করে।

ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, পুলিশ গিয়ে তদন্ত করছে। এর আগেও ওই গ্রামে এরকম ঘটনা ঘটেছে।