বাজেট পাসের আগেই মোবাইলে বাড়তি শুল্ক আদায়ে আইন দেখাল অ্যামটব

বাজেট পাস হওয়ার আগেই মোবাইল সেবায় আরোপিত বাড়তি সম্পূরক শুল্ক কাটা হচ্ছে তার জবাবে দেওয়া চিঠিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে আইনের দোহাই দিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব।

মোবাইল টেলিকম অপারেটরদের সংগঠন অ্যামটব মঙ্গলবার বাজেট প্রতিক্রিয়ায় নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এতথ্য জানান।

অ্যামটব মহাসচিব এস এম ফরহাদ বলেন, আইন মেনেই বাজেট পাশের আগে সম্পূরক শুল্ক কাটা হচ্ছে বলে চার অপারেটরের পক্ষ থেকে তারা বিটিআরসিকে উত্তর দিয়েছেন।

তিনি বলেন, জাতীয় সংসদে বাজেট ঘোষণার দিনই এসআরও জারি করে অবিলম্বে শুল্ক কার্যকর করতে কথা বলা হয়। এটাতো নতুন নয়। অর্থবিলের ৮৮ পাতায় কোন কোন দফা অবিলম্বে কার্যকর হবে, তা উল্লেখ করে দেওয়া হয়েছে। এর আওতায় ৮০ নম্বর দফাও আছে। মোবাইল সেবা এই দফার অন্তর্ভুক্ত।

বাজেট পাস হওয়ার আগেই কেন মোবাইল সেবায় বাড়তি হারে সম্পূরক শুল্ক কাটা হচ্ছে তা জানতে চেয়ে শনিবার অপারেটরদের চিঠি দেয় বিটিআরসি।

চিঠিতে বলা হয়, বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণার পর তা ইতোমধ্যে আরোপ করা শুরু হয়েছে, এটি প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা হিসেবে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ করে দেওয়া এবং সব সেবা ও ট্যারিফ অনুমোদন বন্ধ করে দেওয়া হবে।

বাজেটে মোবাইল সেবায় যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, তা ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছিল।

অর্থমন্ত্রী বৃহস্পতিবার সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করেছেন, তাতে মোবাইল সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে সেবার বিপরীতে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণের কথা বলা হয়েছে।

বাজেটে ঘোষণা আসার পর এনবিআর এসআরও জারি করায় বৃহস্পতিবার মধ্যরাত থেকেই মোবাইল সেবায় বাড়তি হারে সম্পূরক শুল্ক কাটা শুরু করে দেশের মোবাইল ফোন অপারেটরগুলো।

এর ফলে মোবাইল ফোনে কথা বলা, এসএমএস পাঠানো এবং ডেটা ব্যবহারের খরচ বেড়েছে গ্রাহকদের।