নারায়ণগঞ্জে নারী কাউন্সিলরকে ছাত্রলীগের মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনাকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ৮ নম্বর ওয়ার্ডের বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে কাউন্সিলর দিনার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের মারধরের। এ বিষয়ে থানায় উভয় পক্ষই আলাদা দুটি অভিযোগ দিয়েছে।গতকাল মঙ্গলবার আলাদা আলাদা সংবাদ সম্মেলন করে দুপক্ষ পরস্পরের বিরুদ্ধে এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে। গতকাল দুপুরে নাসিক ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা বৌবাজার এলাকায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার খালা রাশিদা করোনার এই পরিস্থিতিতে তার বাড়ির এক ভাড়াটিয়াকে বাড়ি ছেড়ে দিতে বলেন। ভাড়াটিয়া আমান করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে পড়ায় তিন মাসের বাসাভাড়া দিতে পারেননি। আমার খালাত ভাই রুবেল আমানকে বাসাভাড়ার টাকার জন্য চাপাচাপিসহ বাসা ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় বহিরাগত ছেলেদের নিয়ে হুমকি দেয়। ভাড়াটিয়া আমান ১৩ জুন রাতে আমার অফিসে এসে বিষয়টি অবহিত করেন।’

গত সোমবার রাত ৯টার দিকে তার খালা ও খালাত ভাই রুবেল বহিরাগতদের নিয়ে আমানকে বাড়িছাড়া করতে যায় উল্লেখ করে দিনা বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরে ঘটনাস্থলে যাই। খালা ও খালাত ভাইকে বুঝিয়ে আমার অফিসে চলে আসি। পরে রাত সাড়ে ১০টায় ত্রাণ বিতরণের প্রস্তুতি নিচ্ছি এমন সময় আমার খালা রাশিদা ও খালাত ভাই রুবেল, রাকিব, অনিক, নাজমুল ও বিজুসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন আমার অফিসে আসে। তারা আমাকে গালাগালি ও মারধর করতে থাকে। এক পর্যায়ে তারা আমার চুলে ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় সঙ্গে থাকা আমার স্বামী এবং ছোট ভাইকেও তারা কিল-ঘুষি ও লাথি মারে। স্থানীয় ছাত্রলীগের ছেলেরা এই হামলা চালায়।’

এদিকে দিনার করা অভিযোগ অস্বীকার করে তার খালা রাশিদা বেগম গতকাল বিকেলে নাসিক ৮ নম্বর ওয়ার্ডের পুরাতন রেজিস্ট্রি অফিসের সামনে সংবাদ সম্মেলন করেন। তার সঙ্গে ছাত্রলীগের স্থানীয় নেতারা উপস্থিত ছিল। সংবাদ সম্মেলনে বলা হয়, কাউন্সিলর দিনাই উল্টো ছাত্রলীগ কর্মীদের মারধর করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক রাসেল দেশ রূপান্তরকে বলেন, ‘নারী কাউন্সিলরকে মারধরের ঘটনায় উভয় পক্ষই পৃথক দুটি অভিযোগ করেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। তদন্তের পর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’