করোনায় মুক্তিযোদ্ধা ও আনসারসহ ৪ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে দেশের দুই জেলায় মুক্তিযোদ্ধা ও আনসার বাহিনীর সদস্যসহ নতুন করে আরও চারজন মারা গেছেন। গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। এর মধ্যে ফরিদপুরের ভাঙ্গায় মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন (৭০), আনসার সদস্য আবদুর রউফ (৫৫) ও সদরপুরে মুন্নাফ হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া শেরপুর সদরে ছানোয়ার হোসেন (৫৭) নামে এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

ফরিদপুর : ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধা ও আনসার সদস্যসহ তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সোমবার সকালে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। তিনি ভাঙ্গা উপজেলার আলেখারকান্দা গ্রামের বাসিন্দা। একই দিন মারা গেছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত ২০ আনসার ব্যাটালিয়নের সদস্য আবদুর রউফ। তার বাড়ি গাইবান্দার পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামে। এছাড়া একই দিন সন্ধ্যায় সদরপুর উপজেলার ১৭রশি এলাকার মুন্নাফ হোসেন নামে এক ব্যক্তি মারা গেছেন। ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ১৮ জন মারা গেছেন।

শেরপুর : শেরপুর সদরে করোনায় আক্রান্ত হয়ে ছানোয়ার হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শেরপুর সদর হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ১২ জুন ছানোয়ারের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন তিনি। সোমবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত পৌনে ১২টার দিকে তাকে করোনা ইউনিটে ভর্তি করা হয়। সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুল রউফ জানান, এ পর্যন্ত জেলায় ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন ৯৫ জন। মারা গেছেন ৩ জন।”