টানা বৃষ্টিতে মোংলা বন্দরে পণ্য ওঠানামা বিঘ্নিত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত বুধবার দুপুর পর্যন্তও অব্যাহত রয়েছে।

বৃষ্টির কারণে মোংলা বন্দরে অবস্থানরত সার, কয়লা, ক্লিংকার, পাথর, গ্যাসসহ বিভিন্ন পণ্যবাহী ১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামার কাজ বিঘ্নিত হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিন বলেন, বৃষ্টিপাতের কারণে বন্দরে পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজ বিঘ্নিত হচ্ছে।

এদিকে একটানা ভারী বৃষ্টিপাতের কারণে মোংলা পৌর শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি আটকে ঢুকে পড়ছে ঘর-বাড়িতে। এছাড়া বৃষ্টিতে এখানকার বেশ কিছু চিংড়ি ঘেরও তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।