লালমনিরহাটে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি, কাশি নিয়ে দুজন মারা গেছেন। মঙ্গলবার রাত ২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার খোচাবাড়ি (বিডিআর হাটখোলা) এলাকার আলেয়া বেগম (৫৫) করোনা উপসর্গ নিয়ে মারা যান। অন্য দিকে বৃহস্পতিবার সকালে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিন ঘনেশ্যাম (আমিনগঞ্জ) এলাকার আব্দুল গফুর (৪৮) নামের আরেকজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
মৃত দু’জনের লাশ নিজ নিজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসাররা জানিয়েছেন।
আলেয়া বেগম লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার সেকেন্দার আলীর স্ত্রী।
মৃতের পরিবার ও এলাবাসী সূত্র জানায়, বেশ কয়েক দিন ধরে সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত হয়ে ১৫ জুন রংপুর মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন আলেয়া বেগম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন দিবাগত রাতে তিনি মারা যান। মৃত ব্যক্তির ছেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনিও করোনায় আক্রান্ত। তাকে দেখতে গিয়ে মৃতের স্বামী সেকেন্দার আলীও আক্রান্ত হয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
এদিকে জেলার কালীগঞ্জ উপজেলার আব্দুল গফুর গত ৮ দিন আগে ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর থেকে তিনি জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিলেন।
লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় জানান, করোনা উপসর্গে মৃত দু’জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আজকেই তাদের শরীর থেকে সংগ্রহ করা নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হবে বলে জানান তিনি।