ত্রাণের কার্ড আনতে গিয়ে যুবলীগ কর্মীর ধর্ষণের শিকার গৃহবধূ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মজিবুর ওরফে কালা মজিবুর নামে এক যুবলীগ কর্মী ত্রাণের কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে গৃহবধূকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে সোমবার রাতে উপজেলার তারাবো পৌরসভায় এ ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।        

ওই গৃহবধূ জানান, বেশ কিছু দিন ধরে যুবলীগ কর্মী মজিবুর ওরফে কালা মজিবুর ওই গৃহবধূকে ত্রাণের কার্ড করে দেওয়ার কথা বলে আসছিল। সোমবার রাত ৮টার দিকে মজিবুর ফোন দিয়ে ওই গৃহবধূকে ত্রাণের কার্ড নিতে বরাব রসুলপুর তার বাড়িতে যেতে বলেন। তৎক্ষণিক কার্ড নিতে না গেলে মজিবুর ত্রাণের কার্ড অন্য কাউকে দিয়ে দেবেন বলে জানিয়ে দেন। পরে ওই গৃহবধূ ত্রাণের কার্ড আনতে গেলে মজিবুর তাকে ঘরে আটকে ধর্ষণ করেন। এরপর রাত ১০টার দিকে মজিবুর ওই গৃহবধূকে হুমকি-ধামকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন।

পরে বুধবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। 

এলাকাবাসী জানায়, মজিবুর ওরফে কালা নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় নানা অপকর্ম করে আসছিল। এ ছাড়া মজিবুর মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত।  

উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন দেশ রূপান্তরকে বলেন, মজিবুর যুবলীগের কেউ নয়। উপজেলা যুবলীগ ও তারাব পৌর যুবলীগের কমিটিতে মজিবুর নামে কারো কোন নাম নেই। যুবলীগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষক মজিবুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।