দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর সেই বৃদ্ধাকে ইউএনও ও চেয়ারম্যানের মধ্যস্থতায় বড় ছেলের ঘরে তুলে দেওয়া হয়েছে। বড় ছেলে অঙ্গীকার করেছে মায়ের কোন অমর্যাদা হবে না।
এদিকে বৃদ্ধা মা কে নির্যাতনকারী ছোটছেলের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বন্দর ইউএনও শুক্লা সরকার। তিনি জানান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন তাকে ফোন করে বৃদ্ধা মায়ের খোঁজ খবর নিয়েছেন।
জানা গেছে, বুধবার দেশ রূপান্তরে ‘কোটি টাকার সম্পত্তি লিখে দেয়ার পরও খাবার চাওয়ায় বৃদ্ধা মা হোসনে আরা (৭০) কে পিটিয়ে মাথা ফাটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে পুত্র’ সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। পরদিন জেলা প্রশাসকের নির্দেশে বন্দর ইউএনও শুক্লা সরকার ঘটনাস্থলে গিয়ে বড় ছেলেকে ডেকে এনে মাকে তুলে দেন।
এ সময় নির্যাতনকারী ছোট ছেলেকে ফোন করলে সে আসেনি। ছোটছেলে মোফাজ্জল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেন ইউএনও শুক্লা সরকার।
এর আগে বৃদ্ধা হোসনে আরা (৭০) জানান, কোটি টাকার সম্পত্তি লিখে দেয়ার পরও খাবার চাওয়ায় গর্ভধারিনী মা কে পিটিয়ে রক্তাক্ত করে বাড়ী থেকে বের করে দেয় তারই পেটের সন্তান মোফাজ্জল। মঙ্গলবার দুপুর ১ টায় নারায়ণগঞ্জের বন্দর থানার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটলে দৈনিক দেশ রূপান্তরসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যায়।
এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার দেশ রূপান্তরকে বলেন, ধামগড়ের সেই বৃদ্ধ মা কে দেখতে গিয়েছিলাম, সাথে ছিলেন ধামগড় ইউনিয়ন চেয়ারম্যান। তাকে ধন্যবাদ। বৃদ্ধ মায়ের সাথে কথা বলে জানা গেল তিনি ছোট ছেলের কাছেই থাকতেন, সাংসারিক বিষয়ের জের ধরে মঙ্গলবার তাকে তার ছোট ছেলে মারাত্মকভাবে আঘাত করে। বৃদ্ধা মা থানায় অভিযোগ করেছেন। ছোট ছেলেকে ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি, বাড়িতেও পাওয়া যায়নি। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তিনি তার বড় ছেলের কাছে আছেন এবং এখন থেকে ওখানেই থাকবেন। তার বড় ছেলে, ছেলের বউ আমাদের কাছে অঙ্গীকার করেছেন তার মায়ের দেখাশোনা তারাই করবেন, কোন অমর্যাদা মায়ের হবে না।
তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু ফলমূল উপহার দেয়া হয়। কৃতজ্ঞতা জানাই মান্যবর জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ স্যার কে যিনি স্বয়ং ফোন দিয়ে বৃদ্ধ মায়ের খোঁজ খবর নিয়েছেন।
উল্লেখ্য যে, কোটি টাকার সম্পত্তি ২ সন্তান হাজী মঞ্জু মিয়া (স্থানীয় ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সভাপতি) ও মোফাজ্জল হোসেন হলডেনকে লিখে নিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে বৃদ্ধা হোসনে আরা (৭০) কে বাড়ি থেকে বের করে দেয় ছোট ছেলে।