পোস্ট অফিসের সিঁড়িতে দুই শিশুর ঝুলন্ত লাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোনিয়া ও সুমাইয়া নামে দুই শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের পোস্ট অফিসের পেছন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। শিশু দুটির বয়স আনুমানিক ১৩-১৪ বছর বলে জানিয়েছে পুলিশ। সুমাইয়া কুটি গ্রামের উত্তরপাড়ার বাবুল মিয়ার মেয়ে ও সোনিয়া একই এলাকার বিল্লাল মিয়ার মেয়ে।

জেলার সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান জানান, কুটি পোস্ট অফিসের পেছনে রাখা একটি লোহার সিঁড়ির সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই দুই শিশুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

তিনি বলেন, নিহতদের পরিবারের সঙ্গে আমরা কথা বলছি। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

কসবা থানার ওসি লোকমান হোসেন জানান, মেয়ে দুটির পরিবার কুটি বাজারে ভাড়ায় থাকে। তাদের দুজনেরই বাবা শ্রমিক। তাদের দেওয়া ফাঁস দেখে মনে হচ্ছে তারা নিজেরাই ফাঁস নিয়েছে। তবুও আমরা আরও খোঁজখবর নিচ্ছি কেন তারা এ ঘটনা ঘটাল।