জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট

চিকিৎসক সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৭ জনের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে চিকিৎসকসহ দুজন, খুলনায় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুজন, লালমনিরহাটে নারী, কিশোরগঞ্জে এক মুক্তিযোদ্ধা এবং চুয়াডাঙ্গায় এক বৃদ্ধ রয়েছেন। ব্যুরো, নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর

চট্টগ্রাম : জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে নুরুল হক (৪৪) নামে এক চিকিৎসক গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে নগরীর বেসরকারি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নুরুল মেট্রোপলিটন হাসপাতালেই কর্মরত ছিলেন। তার বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। হাসপাতালের রেজিস্ট্রার ডা. মো. নূর নবী বলেন ‘জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে ১৪ জুন হাসপাতালে ভর্তি হন নুরুল। বুধবার সকালে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে এখনো পরীক্ষার রিপোর্ট আসেনি।’

এদিন দুপুর ২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা কামাল করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালটির সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব বিষয়টি নিশ্চিত করেন।

খুলনা : খুলনায় করোনা উপসর্গ নিয়ে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান বজলুর রহমান (৬০) মারা গেছেন। গতকাল সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান বলেন, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সকালে ভর্তির কিছুক্ষণ পরই বজলুর রহমান মারা যান। এদিন দুপুরে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন মনিকা বেগম (৬৫) নামে আরেক বৃদ্ধা মারা গেছেন।

ভৈরব (কিশোরগঞ্জ) : মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে উপসর্গ নিয়ে মোশাররফ হোসেন আজাদ (৭০) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি শহরের ভৈরবপুর মধ্যপাড়ার বাসিন্দা। গতকাল বুধবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের পর আইইডিসিআরের নিয়ম মেনে তাকে দাফন করা হয়।

চুয়াডাঙ্গা : সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন সোলাইমান হক (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে তিনি মারা যান। সোলাইমান দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার বাসিন্দা। তিনি ইসলামী ব্যাংক জীবননগর শাখায় কর্মরত ছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

লালমনিরহাট : জ্বর, সর্দি ও কাশি নিয়ে মঙ্গলবার রাত ২টার দিকে সদর উপজেলার খোচাবাড়ি এলাকার আলেয়া বেগম (৫৫) নামে এক নারী মারা যান। আলেয়া লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেকেন্দার আলীর স্ত্রী। স্বজনরা জানান, কয়েক দিন ধরে সর্দি, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে ১৫ জুন রংপুর মেডিকেল কলেজের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন আলেয়া। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। আলেয়ার স্বামী সেকেন্দারও করোনায় আক্রান্ত। তিনি হোম আইসোলেশনে আছেন।