ফেনীতে করোনায় আক্রান্ত ৬০০ ছাড়াল

ফেনীতে আরও ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে ফেনীতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০৯ জনে  দাঁড়াল।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ২৫ জন, ছাগলনাইয়ায় ১৫ জন, সোনাগাজীতে ২ জন, ফুলগাজী ৩ জন ও ফেনী জেলার বাইরের বাসিন্দা একজন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ২৪ ঘণ্টায় ২৫৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে ৪৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়া জেলায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৬০৯ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ২২৯ জন, সোনাগাজীতে ১০২ জন, দাগনভূঞায় ১২৮ জন, ছাগলনাইয়ায় ৭৮ জন, ফুলগাজী ৩৫ জন ও পরশুরামে ২৭ জন এবং ফেনীর বাইরের অন্যান্য জেলার ১০ রোগী রয়েছে। জেলায় এ পর্যন্ত ১২৪ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ১২ জন।