মির্জাপুরে উপসর্গ নিয়ে মৃত যুবকের করোনা নেগেটিভ

টাঙ্গাইলের মির্জাপুরে উপসর্গ নিয়ে মৃত দরজি শ্রমিক মো. শাহ আলম মিয়ার (৩২) করোনাভাইরাস পরীক্ষার ফলাফলে নেগেটিভ এসেছে জানা গেছে। তার বাড়ি উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামে।

বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

গত ১২ জুন ভোর পাঁচটার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। জ্বর, গলাব্যথা ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ১০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি নমুনা দেন। পরে তার নমুনা উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো হয়। সেখান থেকে পাঠানো ফলাফলে আজ বৃহস্পতিবার তিনি করোনা নেগেটিভ ছিলেন বলে জানানো হয়েছে।