গত বছর জানুয়ারিতে বাবা হারিয়েছিলেন রশিদ খান। এবার মাকেও হারিয়ে ফেললেন চিরতরে। বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়িয়ে দিয়েছেন আফগানিস্তান ক্রিকেটের সেরা বিজ্ঞাপন রশিদের মা।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রশিদ খানের মা। মাকে নিয়ে বেশ উদ্বিগ্নই ছিলেন ছেলে। গত ১২ জুনও মায়ের জন্য দোয়া চেয়ে টুইট করেছিলেন রশিদ। কিন্তু সাত দিন না হতেই রশিদকে এবার মা হারানোর বেদনার কথা লিখতে হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মা হারানোর খবর দিয়ে ফেইসবুকে রশিদ লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার মা আর নেই। আমি আর কখনোই তার দোয়া ও শুভকামনা পাব না। আমি এবং আমার পরিবার অনেক খারাপ ও কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দয়া করে আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহ তার আত্মাকে শান্তিতে রাখুন।’
গত বছর যখন বাবাকে হারান রশিদ, তখন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলছিলেন। বাবার মৃত্যুর খবরের পরদিনই মাঠে নেমে পড়েছিলেন এই তারকা। শোক কাটিয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে জয়ও উপহার দিয়েছিলেন। আবেগ তার পেশাদারিত্বকে মোটেও কাবু করতে পারেনি।
এবার রশিদ মাকেও হারালেন বড্ড খারাপ সময়ে। যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে পুরো বিশ্ব।