জুভেন্তাস কোচের কৌশল নিয়ে প্রশ্ন রোনালদোর বোনের

কোপা ইতালিয়ার ফাইনালে নাপোলির বিপক্ষে জুভেন্তাসের হারের পর সমালোচনার শিকার হতে হচ্ছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। এসি মিলানের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে পেনাল্টিতে গোল করতে পারেননি পর্তুগিজ তারকা। বুধবারের ফাইনালেও ছিলেন নিষ্প্রভ। করোনা বিরতির পর রোনালদোকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না।

টাইব্রেকারে রোনালদো পঞ্চম শটটি নেওয়ার সুযোগই পাননি, তার আগেই নাপোলির কাছে হেরে যায় দল। এরপরও অবশ্য রোনালদোর সমালোচনায় মুখর অনেকে। এমনকি রোনালদো যে সেরা ছন্দে নেই, এমন মন্তব্য করেছেন জুভেন্তাস কোচ মরিসিও সারি।

কিন্তু রোনালদোর বোন এলমা আভেইরো ম্যাচে সারির কৌশল নিয়েই প্রশ্ন ‍তলেছেন। সেই সঙ্গে ভাইকে আগলে রেখে ইন্সটাগ্রামে পোস্ট করে করেছেন।

সবাই যখন রোনালদোর সমালোচনায় মুখর তখন এলমা বলছেন, ‘আর কত করবে তুমি? যা হয়েছে তা হয়েছে, আমার প্রিয় ভাইয়ের পক্ষে তো আর একা মিরাকল ঘটানো সম্ভব নয়…।’

এরপরই সারির কৌশল নিয়ে প্রশ্ন তার, ‘আমি বুঝি না এ রকম ফুটবল তারা কীভাবে খেলাতে পারে!’  এরপর রোনালদোর উদ্দেশ্যে বোনের বার্তা, ‘সবসময় মাথা উঁচু রাখো, তুমি সব সময় সবকিছু পারবে না, মাই কিং!’

বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে টাইব্রেকারে জুভেন্তাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র ছিল। পরে করোনার কারণে নতুন নিয়মে ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-২ গোলে নাপোলি ম্যাচ জেতে নেয়।