করোনা উপসর্গ নিয়ে আ.লীগ নেতাসহ ৮ জনের মৃত্যু

সিলেট মহানগরের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ মুরন (৫০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মুরাদ আহমদ ছাড়াও করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও চাঁদপুরে তিনজন করে এবং ফরিদপুরে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত ব্যুরো, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

সিলেট : নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, জ¦র ও শ^াসকষ্ট নিয়ে ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ গত মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তিনি মারা যান। পরে স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে নগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ শোক প্রকাশ করেছেন।

চট্টগ্রাম : করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং গত বুধবার রাতে দেড় ঘণ্টার ব্যবধানে আরও দুজন মারা যান। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের সিনিয়ার কনসালট্যান্ট ডা. আব্দুর রব জানান, ১৫ জুন রাতে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন কোতোয়ালি থানাধীন দেওয়ানবাজার এলাকার এক বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। বুধবার রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকার ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা যান। তিনি ১৩ জুন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদিন রাত আড়াইটার দিকে আনোয়ারার আরেক বাসিন্দা (৬০) মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

চাঁদপুর : চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনজন মারা গেছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, হাজীগঞ্জ উপজেলার সুশীল সাহা (৬০) বুধবার রাত সাড়ে ৯টায়; চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার লাভলী আক্তার (৩০) রাত ১২টায় এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০) বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মারা যান। তিনজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

ফরিদপুর : ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আমিনুর রহমান (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। আইসিইউতে দায়িত্বে থাকা চিকিৎসক অনন্ত কুমার জানান, শ্বাসকষ্ট নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার দিনাজপুর গ্রামের আমিনুর মারা গেছেন।