বিকল্প চ্যানেলে দৈনিক লেনদেন সীমা বাড়াল ব্র্যাক ব্যাংক

বিকল্প চ্যানেলগুলোয় প্রতিদিনের লেনদেনের সীমা বাড়িয়েছে ব্র্যাক ব্যাংক। করোনা বিস্তার রোধে এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি। গ্রাহকরা এখন ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টে, বিইএফটিএন চ্যানেল ও অন্যান্য ব্যাংকের কার্ড পেমেন্টের ক্ষেত্রে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দিনে সর্বোচ্চ ৫ লাখ টাকা লেনদেন করতে পারবেন। এছাড়া এটিএম থেকে গ্রাহকরা এখন দিনে সর্বোচ্চ ৩ লাখ টাকা উত্তোলন করতে পারবেন, যা আগে ছিল ২ লাখ টাকা। প্রিমিয়াম ব্যাংকিংয়ের গ্রাহকরা এটিএম থেকে দিনে সর্বোচ্চ ৪ লাখ টাকা তুলতে পারবেন। তবে প্রতি লেনদেনের ক্ষেত্রে সীমা অপরিবর্তিত থাকছে।

কভিড-১৯ প্রাদুর্ভাবের সময় গ্রাহক ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিতে ব্র্যাক ব্যাংক শুরু থেকেই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। লেনদেনের সীমা বৃদ্ধি এই পদক্ষেপে আরও একটি সংযোজন।