লেনদেনে অগ্রিম আয়কর কমানোর দাবি ডিবিএর

চূড়ান্ত বাজেটে ব্রোকার হাউজের শেয়ার লেনদেনের ওপর প্রদেয় অগ্রিম আয়কর শূন্য দশমিক ০৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ০১৫ শতাংশ করার দাবি জানিয়েছে পুঁজিবাজারের ব্রোকারদের শীর্ষ সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। গতকাল সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন দাবি জানিয়েছে। অগ্রিম আয়কর কমানোর পাশাপাশি পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে লক-ইনের শর্ত প্রত্যাহারের দাবিও জানিয়েছে ডিবিএ। 

গতকাল ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি শরীফ আনোয়ার হোসেন জানান, পুঁজিবাজারের লেনদেন কমে যাওয়ায় কমিশন আয়ের ওপর নির্ভরশীল ব্রোকারেজ হাউজগুলো ক্রমাগত লোকসানে রয়েছে। ফলে তাদের অফিস পরিচালন ব্যয়ভার মেটাতে না পেরে অসংখ্য শাখা অফিস ইত্যিমধ্যে বন্ধ করে দিয়েছে এবং আরও অসংখ্য শাখা অফিস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে ব্রোকারদের বাণিজ্যিক কার্যক্রমেও স্থবিরতা বিরাজ করছে। কভিড-১৯-এর ফলে দীর্ঘ সময় বন্ধ থাকা ব্রোকারেজ হাউজের এহেন সংকট আরও চরমে পৌঁছেছে।

শরীফ বলেন, পুঁজিবাজারের উন্নয়নের সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত। পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে ব্রোকারদের বাঁচিয়ে রাখার নিমিত্তে আমরা শেয়ার লেনদেনের ওপর বিদ্যমান অগ্রিম আয়কর শূন্য দশমিক ০৫ শতাংশের পরিবর্তে শূন্য দশমিক ০১৫ শতাংশ করার জন্য অর্থমন্ত্রীর কাছে লিখিত সুপারিশ জানিয়েছি। পুঁজিবাজারসহ ব্রোকারদের সামগ্রিক পরিস্থিতি তথা কভিড-১৯-এর ফলে আগামী দিনে ব্যবসায় বিরূপ প্রভাবের আশঙ্কা বিবেচনা করে এমন দাবি জানায় ডিবিএ।

ডিবিএর সভাপতি বাজেটে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত তিন বছরের লক-ইন প্রত্যাহার চেয়ে এই করহার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ করার সুপারিশ করেছেন। এর ফলে বাজারে অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ বৃদ্ধি পাবে। তারল্য প্রবাহ বৃদ্ধি পেয়ে বাজার সক্রিয় ও শক্তিশালী হবে। এ ছাড়া কোম্পানি থেকে প্রদেয় লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা বিদ্যমান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা এবং অতালিকাভুক্ত কোম্পানির মতো তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রেও ২ দশমিক ৫ শতাংশ কর হ্রাস করার সুপারিশ করেছেন।