চাকরি হারানোর ঝুঁকিতে ১ কোটি ৩০ লাখ নাগরিক

কভিড-১৯ মহামারীর কারণে দেশের ১ কোটি ৩০ লাখ নাগরিক চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছেন; বিশেষ করে, অস্থায়ী কিংবা খ-কালীন কর্মসংস্থানে নিয়োজিত নাগরিকরাই রয়েছেন এই ঝুঁকিতে।

গতকাল বৃহস্পতিবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘এসডিজি’র নতুন চ্যালেঞ্জ ও বাজেট ২০২০-২১’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে এ আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, ২০১৬-১৭ শ্রমশক্তি জরিপের উপাত্ত পর্যালোচনা করে এই প্রাক্কলন করা হচ্ছে। বর্তমান অবস্থা বিবেচনায় নিলে কর্ম হারানোর ঝুঁকিতে থাকার সংখ্যা আরও বাড়বে।

সংলাপে এসডিজি প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মূল প্রতিবেদন উপস্থান করেন। পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছেন জানিয়ে সংলাপে বলা হয়, এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার একটি বিশেষ অর্থনীতি পুনরুদ্ধার কার্যক্রম বিবেচনা করতে পারে। দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং নাগরিকদের কর্মসংস্থানসহ অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতকরণ প্রক্রিয়ায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) কাঠামো অবলম্বন করে সরকারের অগ্রসর হওয়া প্রয়োজন।