ফেসবুক জানিয়েছে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাচনী বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে, যাতে জার্মানির নাৎসিদের প্রতীক ব্যবহার করা হয়েছিল। বিবিসির খবর।
সামাজিক যোগাযোগমাধ্যমটি জানায়, আপত্তিকর যে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়া হয়েছে সেটি নাৎসিদের প্রতীক উল্টানো লাল ত্রিভুজের মতো। যেটি দ্বারা
বিরোধীদের বিশেষত কমিউনিস্টদের চিহ্নিত করত নাৎসিরা।
তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দল জানায়, বাম মতাদর্শী অ্যান্টিফা গোষ্ঠীকে লক্ষ্য করে এই প্রতীক তারা ব্যবহার করেছে বিজ্ঞাপনটিতে।
ফেসবুক জানায়, বিজ্ঞাপনটি তাদের নীতিবিরুদ্ধ, যাতে সংগঠিত বিদ্বেষ ছড়ানো হয়েছে।
কোম্পানিটির সুরক্ষা নীতি বিষয়ক প্রধান নাথানিয়েল গ্লিশার বলেন, আমরা এমন কোনো প্রতীক সহ্য করব না, যা কোনো ঘৃণা প্রচারকারী সংগঠন বা আদর্শকে উপস্থাপন করে। এই বিজ্ঞাপনের ক্ষেত্রে যে প্রতীকটি দেখেছি, তার ক্ষেত্রেও একই ব্যবস্থা নেয়া হয়েছে।