ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে ঢাকার ২ নম্বর গুলশান মহল্লার ৭৮ নম্বর বাড়িতে অবস্থান করছেন।
শুক্রবার দুপুরের পরপরই খবরটি ফরিদপুরে জানাজানি হয়। মুহূর্তের মধ্যে খবরটি সারা শহরে ছড়িয়ে পড়ে। খন্দকার মোশাররফের পিও (পার্সোনাল অফিসার) মো. মোজাম্মেল হোসেন জানান, শুক্রবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে খন্দকার মোশাররফের করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়। দুপুরে এ পরীক্ষার ফল পজিটিভ আসে। তিনি বর্তমানে ঢাকায় গুলশানের বাড়িতে অবস্থান করছেন।
নিজের করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করে খন্দকার মোশাররফ বলেন, তিনি ঢাকার বাড়িতে অবস্থান করছেন। তার শরীর ভালো আছে। তিনি চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।
প্রসঙ্গত, ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের নূরুল হোসেনের বড় ছেলে খন্দকার মোশাররফ ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন। পরে ২০১৪ সালে তিনি একই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে তিনি পুনরায় সাংসদ নির্বাচিত হন।
২০০৮ সালে সাংসদ নির্বাচিত হওয়ার পর ২০০৯ সালে শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী হন। ২০১৪ সালে সাংসদ নির্বাচিত হয়ে ২০১৫ সালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। বর্তমানে তিনি ওই মন্ত্রণালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।