চীনের বাজারে রপ্তানিতে বাংলাদেশে তৈরি আরও ৫ হাজার ১৬১ পণ্য শুল্কমুক্ত সুবিধা পেয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন সুবিধা কার্যকর হবে বলে গতকাল শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের শুল্ক পণ্যের ৯৭ শতাংশে শুল্কমুক্ত সুবিধা দিল চীন সরকার।
আগে থেকে এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্টের (আপটা) আওতায় ৩ হাজার ৯৫ পণ্যে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে থাকে বাংলাদেশ। সব মিলিয়ে ৮ হাজার ২৫৬ পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিল চীন সরকার।
স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে নতুন এ সুবিধা প্রদান করা হচ্ছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সুবিধা দেওয়ার অনুরোধ করে চীন সরকারকে চিঠি দেওয়া হয়। এ অনুরোধের পরিপ্রেক্ষিতে চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশন সম্প্রতি এ সুবিধা প্রদান করে নোটিস জারি করে।