গাজীপুর সদরে নিজ বাসার রান্নাঘর থেকে রবিউল আউয়াল (২২) নামে এক পুলিশ কনস্টেবলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে নগরীর পশ্চিম বিলাশপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, মা ও ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে গলা কেটে আত্মহত্যা করেছেন ওই কনস্টেবল।
রবিউল আউয়াল ওই এলাকার মুক্তিযোদ্ধা আবদুল জলিল খন্দকারের ছেলে। কিশোরগঞ্জ পুলিশ লাইনসে কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, ৭-৮ মাস আগে মা ও ভাইয়ের মৃত্যুতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আউয়াল। এতে কয়েক দফায় ছুটি নিয়ে প্রথমে হাসপাতাল ও পরে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বুধবার রাত ৮টার দিকে রান্নাঘরে ঢুকে ভেতর থেকে দরজার ছিটকিনি আটকে দেন আউয়াল।
সদর থানার এসআই মো. জহিরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় পরও আউয়ালের কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। পরে ঘটনাস্থল থেকে আউয়ালের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বঁটিও উদ্ধার করা হয়।